
পিউলি মুখোপাধ্যায়-এর কবিতাগুচ্ছ
১)
শুভ নববর্ষ
তখনও বাড়ির ছাদে অ্যান্টেনা
দূরদর্শন এবং বাংলাদেশ টিভির সহাবস্থান
স্ক্রিন ঝিরঝির, ধূসর আকাশ
বৈশাখের আগে কোনও ঝড় কি কালবৈশাখী হয়?
ঝগড়াঝাঁটি, মান-অভিমান পাঁচিল টপকে
এ-গলি থেকে ও-গলি, দুপুরে বালিশের তলায় পত্রিকা
হে প্রিয়, আহা তোমার প্রস্থান!!– পাতায় বৃষ্টি, চোখেও
পেরেকের সঙ্গে ক্যালেন্ডার ওড়ে, ছেঁড়ে, আবার
নতুন একটা নিয়ে সন্ধেবেলা কে দাঁড়িয়ে দরজায়!
একহাতে মিঠাই এবং মিষ্টি, আমি ধরেছি অন্য হাত
পায়ে ফোস্কা, সুতির ফ্রক… গোলাপজল, আতর, শরবত
এইসব যেন কত বছর আগে? ভাবছি, আর
অসংখ্য “শুভ নববর্ষ” আনরিড থেকে যাচ্ছে ইনবক্সে…
২)
জানলা
এখন তুমি আমার জানলা
খুলে দিলে সূর্য মাথায় হেঁটে আসে গাছ
সিমেন্টের ঘাসে জীবন্ত পুতুল ছড়িয়ে ছিটিয়ে
পাঞ্জাবি গানের তালে মুসলিম ভোটের সমীকরণ দুলছে
যুদ্ধবিমানের পাইলট উদাস দৃষ্টিতে দেখে
হিসেবের বাইরে আত্মকেন্দ্রিক মানুষজন
ভেদ করে যাচ্ছে রোদ-বৃষ্টি, মৃত মন
আবহাওয়া বদল, প্রাণের আনাগোনা শুরু
ভোর হলে তুমি নিজেকে খোলো যেই
হাত রাখো মাথায়
তড়িৎচুম্বকীয় প্রভাবে বাস্তব চেনাতে
অন্ধকারে স্বপ্নে দেখি, পাল্লা দুলছে হাওয়ায়
ভাঙার আগে বন্ধ করি
যেভাবে সম্পর্ক নষ্টের সতর্কতায়
নিরাপদ দূরত্বে সরিয়েছি তোমায়

