
শাশ্বত গঙ্গোপাধ্যায় / একটি ইচ্ছেপত্র
মা, আমি গর্ভের দরজা হাট করে
বেরিয়ে এসে দেখি, চতুুর্দিকে
পাথরে খাঁজে খাঁজে জীবাশ্মের মতো
মৃত্যুদিন কারা রেখেছে লিখে
সে সব আঙুলের কুষ্ঠ হোক, শেষে
ঝাপসা হোক সেই হাতের ছাপ…
একলা পোড়ো ভিটে, শ্যাওলা গায়ে মেখে
যেভাবে বেঁচে থাকে বাস্তুসাপ
আমার শব্দেরা সেভাবে জেগে থাক
গুপ্ত গুহাদেশে মশাল হাতে
এক শহর থেকে অন্য গ্রামে গ্রামে
দ্বিপ্রহর থেকে মধ্যরাতে
তরুণ কবিদের ছিটকে আসা চোখ,
চড়ুই পাখিদের ধুলোর স্নান
আমার কবিতারা মিশুক সেখানেও
উঠুক হয়ে সাদা বৃন্দগান

