
ভাষা দিবসের রাত্রি / বিশ্বজিৎ চট্টোপাধ্যায়
দিদার মৃত্যুর পর বিচলিত সুলেখা সান্যাল
ডায়েরিতে লিখছিল বিষাদের পরিণতি নিয়ে
নিখিল বলল,শোন,সব কবি হয়না মাতাল
ভাষা দিবসেও কেউ পদ্য লেখে ইনিয়ে বিনিয়ে…
সুলেখার মনে পড়ে যাবতীয় ব্যর্থতার কথা।
জীবনানন্দের থেকে ধার করা কিছু মুদ্রাদোষ
দেখেছে দিদার মৃত্যু,কবিদের বিপুল ক্ষমতা
ভাষাদিবসের রাতে ট্রলি নিয়ে পাড়ার সন্তোষ
যেভাবে নামায় বডি,তিনতলা থেকে অনায়াসে
মাতৃভাষা খিস্তি যার,টাকা নেয় থুতু দিয়ে গুনে
শ্মশানযাত্রীর দল দায় সারে রবীন্দ্র প্রয়াসে
সুলেখা দেখেছে মৃত্যু ডুবে যায় রাতের ফাল্গুনে।
কাঁটাতার তুচ্ছ করে উড়ে যায় রাতজাগা চিল।
রূপসী বাংলার জন্য ডাকে শুধু বসন্ত কোকিল।

