
অমিত সরকারের কবিতা বাংলাভাষা
বাংলাভাষা খেয়ে বাঁচি, খাই বাক্য, জলমগ্ন কালো
জৈবনিক যতি চিহ্ন, অসমাপ্ত লিখনপ্রক্রিয়া
প্রচ্ছদের আত্মা থেকে শব্দ এসে বাইরে দাঁড়ালো
জানালায় ধাক্কা দিচ্ছে, অপেক্ষার ইনসমনিয়া
সঠিক চেনে না ঘর, দরজা খোলে অগ্নি, বায়ু, জল
বুকেতে ভাষার বীজ, ফোঁটা ফোঁটা ছন্দের পাপ
কেউ অন্ন, কেউ খিদে, কেউ শুধু জ্যোৎস্না সম্বল
ফলিডল মৃত্যু কেউ, পূর্ব পুরুষের অভিশাপ

