
ভাষা/ সোমা দত্ত
যে ভাষায় মা বলি
যে ভাষায় প্রিয় বলে ডাকি
সে ভাষার স্বরবর্ণ থেকে ব্যঞ্জনে
ছুরি চলে, নিহত হয় উচ্চারণ
নীরবে ঘাতকের হাতে বদলে যায়
লিপিকার
চন্দ্রবিন্দু হয় আত্মজন
তবু উদযাপনের দিন বলে
একুশের কথা হোক
ভাষার জন্ম থেকে নাড়ি ছিড়ে
স্বরবর্ণে গলা তুলুক সদ্যজাত
এটুকুই সত্য হোক
এটুকুই হোক তার আস্ফালন

